১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

বড় পরিসরে জনবল নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস)। গত ২৪ মে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৫২টি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৪৮৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরি হবে পূর্ণকালীন এবং পদভেদে স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ জুন তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং তা চলবে ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। তবে ২০২৪ সালের ২৭ মার্চ ও একই বছরের ৯ জুন প্রকাশিত বিজ্ঞপ্তির আওতাধীন পদগুলোতে যারা আগে থেকেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে। ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। এছাড়া সব পদের অনগ্রসর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগ কার্যক্রম সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment