১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, স্থায়ী হলে বেতন ৪১ হাজার টাকা
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে ১০০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের কোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে, যদিও অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
নিয়োগপ্রাপ্তদের প্রথম ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময় মাসিক প্রারম্ভিক বেতন হবে ৩৩ হাজার ৩০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন হওয়ার পর চাকরি স্থায়ী হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১ হাজার ৩০ টাকা। বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
বেতনের পাশাপাশি কর্মীদের জন্য আরও বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। প্রতি কর্মদিবসে ২০০ টাকা হারে মধ্যাহ্নভোজ ভাতা, নির্ধারিত মোবাইল বিল এবং মোটরসাইকেলের জ্বালানি ও মেরামত ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, শিশু শিক্ষাসহায়ক ভাতা এবং ইনস্যুরেন্স সুবিধাও পাওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীদের ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ ডিএফইডির কার্যক্রম পরিচালিত দেশের ২৩টি জেলায় এবং আগামী অর্থবছরে চালু হতে যাওয়া নতুন ২৩টি শাখায় পদায়ন করা হতে পারে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, দুইজন রেফারেন্সের মোবাইল নম্বর, দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
এ ছাড়া প্রার্থীরা dfed@ahsaniamission.org.bd অথবা info@dfed.org.bd ই-মেইল ঠিকানায় পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠিয়েও আবেদন করতে পারবেন। ই-মেইলের সাবজেক্ট লাইনে কিংবা খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১০ হাজার টাকা ফেরতযোগ্য নিরাপত্তা জামানত জমা দিতে হবে। তবে নিয়মিতকরণের আগে অর্থাৎ ছয় মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলে এই জামানত ফেরতযোগ্য হবে না।
